দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সুকান্ত শাহা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাতেম আলীর ছেলে মো. হারুন (৪২) ও সন্তোষপাড়া গ্রামের নাজিরের ছেলে টুয়েল (৪৫)। তাদের মধ্যে টুয়েল পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই ব্যক্তি মাদক নিয়ে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার এলাকায় আসছেন। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে।
পুলিশ উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে টুয়েলের কাছ থেকে ৬০ গ্রাম এবং হারুনের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। এ সময় তাদের ব্যবহৃত লাল রঙের ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।
পরে তাদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯ ধারায় মামলা করে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত হারুনের উপস্থিতিতে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির বলেন, মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড একটি নজির। আদালতের দেওয়া রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুবায়ের বলেন, আসামিরা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন—এমন তথ্য-প্রমাণ না পাওয়া সত্ত্বেও রায় ঘোষণা করা হয়েছে। এই রায়ে তারা সংক্ষুব্ধ।
এমএস/